অপরাধ না করেও পুলিশ আর আইনজীবীর ভুলে আসামি হয়ে দুই মাস কারাভোগসহ ১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে থাকা বাবলু শেখ অবশেষে খালাস পেলেন। পাশাপাশি এ ঘটনার জন্য দায়ী দুই পুলিশ কর্মকর্তা ও তত্কালীন ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া বাবলু শেখকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় আদালত।
বাবলু শেখের বর্তমান আইনজীবী শামীম উদ্দীন জানান, গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকী মামলার নথিপত্র পর্যালোচনা করে যে আদেশ দেন তাতে বাবলু শেখের ভোগান্তির অবসান ঘটল। আদালতে দেওয়া রায়ে ১৮ বছর পর তাকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে একটি মারামারির মামলার আসামি শ্রী বাবুর পরিবর্তে সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাবলু শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর তত্কালীন আইনজীবী লুত্ফর রহমান বাবু শ্রী বাবু নামেই বাবলু শেখের জামিন করান। সেই থেকে বাবলু শেখ হয়ে যান শ্রী বাবু। দুই দফায় দুই মাস কারাভোগের পর ১৮ বছর ধরে হতদরিদ্র বাবলু শেখ নিজের সঠিক পরিচয় জানাতে ঘুরে বেড়াচ্ছিলেন আদালতের বারান্দায়। এ নিয়ে গত সেপ্টেম্বরে ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রচার হলে তা ব্যাপক আলোচিত হয়। বাবলু শেখের পাশে এসে দাঁড়ান আইনজীবী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
