মনিরার নাচে মুগ্ধ কলকাতা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:৩৮

কলকাতার আইসিসিআর মঞ্চ মাতালেন বাংলাদেশের প্রথিতযশা নৃত্যশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক মনিরা পারভিন। তার চারটি নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। গত সোমবার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স-আইসিসিআরে এই আয়োজন করে কলকাতার একটি সাংস্কৃতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশের দুই চিত্রশিল্পী বি এম জামাল হুসেন এবং আবিদা হুসেনও অংশ নেন তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে। ছিলেন কলকাতার বেশ কয়েকজন শিল্পীও।

আয়োজনটিকে উত্সাহিত করতে উপস্থিত হয়েছিলেন কলকাতার বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান এবং চীনের কনসাল জেনারেল ঝা লিয়ং। প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। আরো ছিলেন আইসিসিআরের ডিরেক্টর গৌতম দে।

নৃত্যশিল্পী মনিরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি প্রসারে ভবিষ্যতে আরো উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে, এই উদ্যোগের মূলে ছিলেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা।