বাগেরহাটে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:৩৯

বাগেরহাটে ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তালিম মল্লিক সদর উপজেলার সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে ও সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে স্থানীয় ছাত্রলীগের কর্মী ছিল।

তালিমের পরিবার জানায়, কয়েকদিন আগে স্থানীয় এক দুর্বৃত্তের বাড়ির সামনে দিয়ে তালিম মল্লিক তার এক বন্ধুকে নিয়ে যাচ্ছিল। এ সময় সে তালিম মল্লিকের মাথায় আঘাত করে। গতকাল সন্ধ্যায় কেন আঘাত করেছে শুনতে গেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

বাগেরহাট সদর হাসপাতালের ডা. মো. রাফিউল হাসান জানান, তালিম মল্লিককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, নারী ঘটিত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তালিম মল্লিককে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।