প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন
চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
জেএসসি পরীক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা ইতোমধ্যে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছে। তারা আগেও পাবলিক পরীক্ষা দিয়েছে এবং নিয়ম-কানুন ভালো করেই তারা জানে। আমি মনে করি পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। তাই পরীক্ষার্থীদের বলবো পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা নয়। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র হাতে পেয়ে অস্থির হয়ে উঠার কোনো কারণ নেই। প্রথমে প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বে। যে প্রশ্নগুলো তুলনামূলকভাবে সহজ এবং কমন সেগুলোর উত্তর আগে লেখা শুরু করবে। কঠিন প্রশ্নগুলো নিয়ে খুব বেশি ভাববার প্রয়োজন নেই। বছরের বিভিন্ন সময় টুকটাক অনেক পরীক্ষা দিয়েছো। এই পরীক্ষাটা তারই একটা প্রতিফলনমাত্র। অভিভাবকদের অনুরোধ করবো, আপনার সন্তানকে স্বাভাবিকভাবে পড়াশোনা করার সুযোগ তৈরি করে দিন। সন্তানদের ভালোফল করার জন্য অযাচিত চাপ সৃষ্টি করবেন না। আমাদের দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রধান অন্তরায় হচ্ছে অভিভাবক। অভিভাবকদের বিভিন্নমূখী চাপে শিক্ষার্থীরা খেই হারিয়ে ফেলে। ফলে সঠিকভাবে তাদের মেধা বিকশিত হচ্ছে না। তাই আপনারা শুধু সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন।
