ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ, সি.এস.সি
অধ্যক্ষ
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাথীর্ বন্ধুরা,
তোমরা কেমন আছো? তোমাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বিশ্বাস করি তোমরা সারাবছর প্রচুর লেখাপড়া করে প্রস্তুত হয়ে এখন কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো।
পরীক্ষার মাত্র ১০ দিন বাকি আছে। এ কয়েকদিন এবং পরীক্ষা চলাকলীন সময় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা সম্পূর্ণ সিলেবাস বারবার রিভিশন দিতে চেষ্টা করো। প্রতিদিন কিছুকিছু লেখো এতে তোমার হাতের লেখা যেমন ভালো হবে তেমনি দ্রুতও হবে। কোনোক্রমেই অতিরিক্ত টেনশন করো না। তুমি তো বিগত ৮-১০ বছর যাবত অনেক পরীক্ষা দিয়েছ। স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখো। রাত জেগে লেখাপড়া না করে ১০টার মধ্যে ঘুমাবে এবং ভোরে ঘুম থেকে উঠে পড়ালেখা করবে। সময় মতো যথেষ্ট খাবে,যথেষ্ট জলপান করবে। শরীরে জলের অভাব হলে নানা ধরনের অসুখে আক্রান্ত হতে পার। ডেঙ্গু থেকে নিজেকে রক্ষার জন্য ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করো। পড়ার টেবিলের সামনে জেএসসি পরীক্ষার একটি রুটিন রাখো যেন রুটিনটি তোমাকে প্রস্তুতি নিতে ও পরীক্ষার দিন এবং সময় সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে। পরীক্ষার দিনে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে রের হও যেন কোনোক্রমেই পরীক্ষার হলে যেতে দেরি না হয়। পরীক্ষার পূর্বে তোমার উত্তরপত্রের ‘ওএমআর’ অংশ খুব সচেতনভাবে পূরণ করো। পরীক্ষা চলাকালীন সময় সম্পর্কে সচেতন থেকো। কোনো উত্তর বাদ দিও না। উত্তর লেখার পর প্রতিটি উত্তর রিভিশন দিতে চেষ্টা করো। কোনো ক্রমেই পরীক্ষার পূর্বে প্রশ্ন পাওয়ার চেষ্টা করো না বরং তুমি ভালোভাবে পড়ালেখা করে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে, দেখবে তোমার পরীক্ষা ভালো হবেই।পরীক্ষায় কোনো রকম অবৈধ উপায় অবলম্বন করো না। নিজের বিবেকের বিরুদ্ধে যেওনা। এখন থেকে প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করবে না। আত্মবিশ্বাস রেখো, তাহলেই তুমি বেশি পড়ালেখা করবে এবং তাতেই তোমার পরীক্ষা ভালো হবে। তোমাদের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করি নিরন্তর, চিরন্তন এ প্রার্থনা করে যাবো।
