কবিতাগুলো মুখস্থ রাখতে পারলে ভালো

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:০৪

 বাংলা

 

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক (বাংলা) 

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে তোমরা যদিও অবগত তবুও আমি তোমাদের নতুন করে বাংলা ১ম পত্রের সৃজনশীল পদ্ধতি সম্বন্ধে একটু বলতে চাই।

বাংলা প্রথমপত্র প্রশ্ন দুইটি অংশে বিভক্ত থাকবে। গদ্যাংশ এবং কবিতাংশ। গদ্যাংশ থেকে ৩টি এবং কবিতাংশ থেকে ৩টি মোট ৬টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমাদেরকে গদ্যাংশ থেকে যেকোনো ২টি এবং কবিতাংশ থেকে যেকোনো ২টি মোট ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান ৪০। বহুনির্বাচনিতে ১৬। গদ্যাংশ থেকে ০৮ টি এবং কবিতাংশ থেকে ০৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল— কোনোক্রমেই একটি সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তরে ২২-২৩ মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। এর চেয়ে বেশি সময় দিলে তুমি বাকি প্রশ্নের উত্তর শেষ করতে পারবে না।

সৃজনশীল পদ্ধতিতে যেহেতু চারটি অংশ (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) মিলে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন, তাই প্রত্যেক অংশের উত্তর লেখার সময় প্রতিবার নম্বরটা এভাবে লিখবে। যেমন : তুমি ৩ নম্বর প্রশ্নটা উত্তর করবে। সেক্ষেত্রে- ৩ নং প্রশ্নের উত্তর (ক), ৩ নং প্রশ্নের উত্তর (খ), ৩ নং প্রশ্নের উত্তর (গ), ৩ নং প্রশ্নের উত্তর (ঘ) এভাবে লিখলে ভালো। আর এ লেখাগুলো ভিন্ন রঙের (সবুজ/নীল/মেরুন/বাদামী ইত্যাদি) কালি দিয়ে লিখলে দেখতে অনেক সুন্দর লাগবে।

যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার চারটি অংশের উত্তরই ধারাবাহিকভাবে করতে হবে। একটি প্রশ্নের জ্ঞানের উত্তর আরেক প্রশ্নের প্রয়োগের উত্তর এভাবে করা যাবে না। কোনো উত্তর যদি কেউ না পারে সেক্ষেত্রে সেটা বাদ দিয়ে তার পরের অংশের উত্তর করতে হবে। জায়গা ফাঁকা রাখার দরকার নেই।

জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এর উত্তর একটি শব্দে, একাধিক বা একটি বাক্যেও দেওয়া যাবে। তবে এ স্তরের উত্তর একটি পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো। অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। কারণ এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য আরেকটি নম্বর অনুধাবনের জন্য। অনুধাবনের প্রশ্নের উত্তর এক প্যারাতেও লেখা যায়। তবে দুই প্যারাতে লেখার চেষ্টা করবে। আর অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা কবি/সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর-৩। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে এবং ১ নম্বর প্রয়োগে। যদিও এক প্যারাতে সবগুলো তথ্য দিয়ে উত্তর লিখলেও হবে। তবে দুই/তিন প্যারা করাই ভালো। প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তা নতুন ক্ষেত্রে অর্থাত্ উদ্দীপকে প্রয়োগ করবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মোট নম্বর ৪। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে, ১ নম্বর প্রয়োগে এবং ১ নম্বর উচ্চতর দক্ষতায়। উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে। যদি সিদ্ধান্তটি সঠিক হয় তাহলে সেটাকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করবে যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয় তাহলে কেন ভুল সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সেক্ষেত্রে উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা।

সৃজনশীল পদ্ধতির বহুনির্বাচনি প্রশ্নগুলোও একটু ভিন্ন ধরনের। এর জন্য তোমাদেরকে মূলবই বেশি বেশি রিড়িং পড়তে হবে। কবিতাগুলো মুখস্থ রাখতে পারলে ভালো। বিগত সালের প্রশ্ন থেকে দেখা গেছে, কবিতা থেকে এমন কিছু প্রশ্ন এসেছে যেগুলোর উত্তর কবিতা মুখস্থ থাকলে দেওয়া সম্ভব হতো।