কলমাকান্দায় বিধ্বস্ত কালভার্ট
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি-কৃষ্ণপুর সড়কে দীর্ঘ নয় বছর পূর্বে বন্যার সময় বিধ্বস্ত বক্স কালভার্টটি নতুন করে নির্মাণ না করায় জনদুর্ভোগ চরমে। বছরের পর বছর ধরে ধসে পড়া এই কালভার্টটি নির্মিত না হওয়ায় বর্তমানে শিক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ রোগীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ— প্রায় নয় বছর ধরে কালভার্টের এ অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে এলজিইডি কর্তৃপক্ষ বলছে, এ কালভার্টটি নতুন করে সংস্কার করা হবে।
গত শুক্রবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৪ সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংছাতি-কৃষ্ণপুর সড়কে একটি বক্স কালভার্ট নির্মাণ করেন। আর ২০১০ সালের বন্যার পানিতে ঐ কালভার্টটি ধসে পড়ে। এতে করে ঐ অঞ্চলের রায়পুর, বিশাউতি, কৃষ্ণপুর, বুড়িমারী, বানাইকোনা, নতুন বাজারসহ ১২টি গ্রামের লোকজন চলাচল করতে চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে এলাকাবাসী কালভার্টটি নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডির প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কৃষক হাজী আব্দুল মোতালিব বলেন, এখানে চলাচলের একমাত্র ভরসা কালভার্টটি ভেঙে পড়ায় কৃষকদের উত্পাদিত পণ্য পরিবহন করা যাচ্ছে না। কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদ বলেন, প্রতিদিন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাওয়া-আসা করে। এখানে নতুন করে একটি সেতু নির্মাণ করা হলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার ১০/১২টি গ্রামের লোকজনের ভোগান্তির অবসান হবে।
ইউপি সদস্য আক্কাছ আলী জানান, নতুন করে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত ও স্থানীয় কৃষকদের উত্পাদিত কৃষিপণ্য পরিবহনসহ চিকিত্সাসেবা প্রাপ্তি সহজতর হবে।
কলমাকান্দা উপজেলা প্রকৌশলী মো.আফসারউদ্দিন বলেন, সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে ঐ সড়ক সংস্কারসহ একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি অতিদ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।
