প্রতি আসনের বিপরীতে ১৬ পরীক্ষার্থী
রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ১৬ জন পরীক্ষার্থী। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাস কুমার কর্মকার। তিনি বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে এ, বি ও সি তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন জমা হয়েছে ৭৮ হাজার ৯০টি। এ ইউনিটে ৩১ হাজার ১২৯টি, বি ইউনিটে ১৫ হাজার ৭৩২টি ও সি ইউনিটে ৩১ হাজার ২২৯টি আবেদন জমা হয়। এ বছর লিখিত ও বহু নির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের জন্য এক ঘণ্টা ৩০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৫০ মিনিট ও লিখিত প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় পাবেন তারা। এ সময় তিনি ভর্তি পরীক্ষায় জালিয়াতি বা প্রতারক চক্রের মিথ্যা প্রলোভনে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহিত সিদ্ধান্তে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
