বড়াল রক্ষা আন্দোলন কমিটির সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে শনিবার দুপুরে বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হারডো হলরুমে বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক অঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইডাব্লিউএম এর প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান প্রতিবেদনের সার সংক্ষেপ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন সিপিবি সভাপতি সন্তোষ রায় চৌধুরী, অধ্যক্ষ আ. রহিম কালু, আওয়ামী লীগ নেতা মো. শামসুজ্জোহা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু প্রমুখ।
তালের বীজ বপন অভিযান
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা বজ্রপাত নিরোধে শনিবার কচুয়া উপজেলার বিভিন্ন রাস্তায় ৫ হাজার তালের বীজ বপন অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলার হায়াতপুর-ডুমুরিয়া রাস্তায় বীজ বপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উদ্যোক্তা কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। এ সময় আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, যুবলীগ নেতা তারেক শামস মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ
পলাশ (নরসিংদী) সংবাদদাতা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে পলাশ উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে শনিবার সাদাছড়ি বিতরণ করা হয়েছে। নরসিংদী জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা আব্দুর রাজ্জাক মোহাম্মদ সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মোমেন, জেলা পুলিশ সুপার পিপিএম। মোহাম্মদ সেলিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমীন ও সিসিলি গ্রুপের চেয়ারম্যান মনজুর মোর্শেদ শিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুর রশিদ গোলন্দাজ প্রমুখ।
হাসপাতালের অবহিতকরণ ও পরিকল্পনা সভা
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে পূর্ণ টীকা প্রাপ্তি নিশ্চিতকরণ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদ হোসেন, ইপিআই এর রাজশাহী বিভাগীয় কোঅর্ডিনেটর মো. কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
ফারিয়ার মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা সুনির্দিষ্ট নীতিমালা, বেতন বৈষম্যের প্রতিবাদ ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার পূর্বধলায় মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফারিয়া উপজেলা কমিটির সভাপতি আরশাদুল হক সোহেল, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
মাদারীপুরে ব্রিক প্লে কর্মশালা
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শনিবার ‘ব্রিক প্লে’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান বেলায়েত হোসেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীনে ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ পরিচালিত ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মুহিতউদ্দিন মোল্লা, জেলা শিক্ষা কর্মকর্তা সুবল চন্দ্র দাস প্রমুখ।
চিকিত্সাবিষয়ক সেমিনার
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শনিবার ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিত্সাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ডায়াবেটিসের জটিলতা ও প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও বিএমএর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. শেখ মোহা. শহিদউল্লাহ। সেমিনারে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সুজা, ইনসুলিন কোম্পানীর প্রতিনিধি শেখ গোলাম কিবরিয়া প্রমুখ।
খাদ্যবান্ধব কর্মসূচির ষড়যন্ত্রের প্রতিবাদ
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা শ্যামনগরের কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের স্বেচ্ছাচারিতা, খাদ্যবান্ধব কার্ড বাতিলের চেষ্টা ও চাহিদাপত্রে স্বাক্ষর না করায় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন। শ্যামনগর উপজেলা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জি এম রেজাউল করিম, সদস্য শাহনুর আলম প্রমুখ।
স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শনিবার বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ ইত্যাদি বিষয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম। বক্তব্য রাখেন মীর্জাগঞ্জ ওসি (তদন্ত) মো. শাহ আলম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন।
সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ সাহাবুদ্দিন মিলনায়তনে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। সভার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সংগঠনের সভাপতি প্রফেসর ড. রফিকুল হক ভুঁইয়ার সভাপতিত্বে সভায় ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল লতিফ ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
গণতন্ত্রী পার্টির মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারসহ চলমান শুদ্ধি অভিযান জোরদার ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য দাবিতে গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা শাখা শনিবার মানববন্ধন করেছে। জেলা শহরের গৌরাঙ্গ বাজারে আয়োজিত মানববন্ধনে গণতর্ন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি গিয়াসউদ্দিন খান মিল্কী, সহসভাপতি হাবিবুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান প্রমুখ।
