ঢাকা মেট্রোকে টানছেন মাহমুদউল্লাহ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

এক রাউন্ড খেলেই ইনজুরির কারণে ছিটকে পড়েছেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমও ইনিংস বড়ো করতে পারছেন না। সেই তুলনায় জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ বেশ ধারাবাহিক। প্রথম রাউন্ডে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ড পারফরম্যান্সে। দ্বিতীয় রাউন্ডেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন মাহমুদউল্লাহ।

কার্যত ঢাকা মেট্রো দলটাকে টানছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ৬৩ রানের পর গতকাল দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তিনি। ৯৫ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে শহীদুল ইসলাম ব্যাট করছেন ২৯ রানে। বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটের বিপক্ষে গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে ১৫২ রানে এগিয়ে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২২৫ রান।

ফতুল্লায় বরিশালের বিপক্ষে ১৯০ রানে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। গতকাল বরিশালের প্রথম ইনিংস শেষ হেয়ছে ২১৬ রানে। নুরুজ্জামান ৬০, রাফসান ৪৯, আশরাফুল ২১ রান করেন। চট্টগ্রামের নাঈম হাসান চারটি, আফ্রিদি, নোমান, মেহেদী হাসান রানা দুইটি করে উইকেট পান। শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫০ রান তুলেছে চট্টগ্রাম। পিনাক ঘোষ ৩০ ও অধিনায়ক মুমিনুল ৯ রানে অপরাজিত আছেন।

শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল ৬ উইকেট হারিয়ে ২১৬ রান যোগ করে ঢাকা মেট্রো। দলের সবাই কম বেশি রান করেছেন। কিন্তু ইনিংস বড়ো করতে পেরেছেন শুধু মাহমুদউল্লাহ। তবে দলটির সব ব্যাটসম্যানই রয়ে-সয়ে ব্যাটিং করেছেন। উইকেট আঁকড়ে থাকার চেষ্টা করেছেন। ৪৫ রানে ৩ উইকেট পতনের পর উইকেটে আসেন মাহমুদউল্লাহ। সতীর্থদের মতো তিনিও শ্লথ গতিতে ব্যাটিং করেছেন। ৯৫ রান (৫ চার, ১ ছয়) করেছেন ১৯৪ বল খেলে। ১৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ঢাকা মেট্রো। সপ্তম উইকেটে শহীদুলের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। অবিচ্ছিন্ন থেকেই দিনের খেলা শেষ করেছেন তারা। সিলেটের এনামুল জুনিয়র, ইমরান আলী দুইটি করে উইকেট পেয়েছেন।

আজ ম্যাচের শেষ দিনে অস্বাভাবিক কিছু না হলে দ্বিতীয় স্তরের দুটি ম্যাচই ড্র হতে পারে।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল-চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম: ৩৫৬ ও ১৯ ওভারে ৫০/১ (পিনাক ঘোষ ৩০*, মুমিনুল ৯*, ইরফান শুক্কুর ১১; আশরাফুল ১/১০৯)।

বরিশাল: ৮২.৩ ওভারে ২১৬ (নুরুজ্জামান ৬০, রাফসান ৪৯, আশরাফুল ২১, শাহরিয়ার নাফিস ১৭, ফজলে মাহমুদ ১৪, শামসুল ১০; নাঈম হাসান ৪/৬২, আফ্রিদি ২/২৬, নোমান ২/৩৫, মেহেদী হাসান রানা ২/৬৪)।

ঢাকা মেট্রো-সিলেট বিভাগ

ঢাকা মেট্রো: ২৪৬ ও ৯৭ ওভারে ২২৫/৬ (মাহমুদউল্লাহ ৯৫*, শহীদুল ২৯*, জাবিদ ২৫, শামসুর ১৭, রাকিন ১৪, আল-আমিন জুনিয়র ১৩, নাঈম শেখ ১০, আমিনুল ১০; ইমরান আলী ২/৩৫, এনামুল জুনিয়র ২/৭৩, রাহাতুল ফেরদৌস ১/২৪, রেজাউর রহমান ১/৩৩)।

সিলেট: ৩১৯।