শুরুতেই রোহিতের দাপট

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫৩

রাঁচি টেস্ট

স্পোর্টস ডেস্ক

দিনের খেলাটা আগেভাগেই শেষ করতে বাধ্য হলো কর্তৃপক্ষ। রাঁচিতে আলোকস্বল্পতার কারণে তৃতীয় টেস্টের প্রথম দিনে গতকাল খেলা হলো মোটে ৫৮ ওভার। আর তাতে সবটুকু আলো কেড়ে নিলেন রোহিত শর্মা। ১১৭ রানে অপরাজিত আছেন তিনি। স্বাগতিক ভারত ৩ উইকেট হারিয়ে করেছে ২২৪ রান।

এগিয়ে থেকেই রাঁচি টেস্টে খেলতে নেমেছিল বিরাট কোহলির ভারত। আগের দুই টেস্ট জিতে নিয়ে এরই মধ্যে সিরিজটা পকেটে নিয়ে ফেলা কোহলি অবশ্য আগে থেকেই জানিয়ে রেখেছিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে শেষ টেস্টেও প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে এক বিন্দুও ছাড় দেবে না স্বাগতিকেরা। তবে শুরুটা একদমই মনমতো হয়নি স্বাগতিকদের। টসের জয় এলেও ব্যাটিংয়ের শুরুটা একদমই ভারতের সাম্প্রতিক ফর্মের সঙ্গে যায় না। আগের দুই টেস্টের সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল মাত্র ১০ রান করে ফিরে যান সাজঘরে। তাকে দিয়ে ভারতের পতনের সূচনা হয়।

এরপর রানের খাতা খোলার আগেই ব্যাট হাতে ভারতের ভরসার অপর নাম চেতেশ্বর পূজারাও হাঁটেন মায়াঙ্কের দেখানো পথে। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এই অধিনায়কের ব্যাট থেকে এবারও বড়ো কিছুর আশাই ছিল। কিন্তু সেই আশা পূরণ হয়নি। মাত্র ১২ রান তুলে তিনিও বিদায় নেন। মাত্র ৩৯ রানের মধ্যে সাজঘরে তিন জন ব্যাটসম্যান। সেই অবস্থা থেকে যাত্রা শুরু হয় রোহিত শর্মার। সঙ্গী হিসেবে পান সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে এই দুজন মিলে যোগ করেন ১৮৫ রান। এর মধ্যে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন রোহিত। ১৬৪ বলে ১১৭ রান করে অপরাজিত আছেন রোহিত। ইনিংসে ১৪টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। রোহিত তার ক্যারিয়ারের সবগুলো টেস্ট সেঞ্চুরিই পেয়েছেন দেশের মাটিতে। আর এর মধ্যে তিনটি পেয়েছেন এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। প্রথম টেস্টে, মানে বিশাখাপত্তনমের দুই ইনিংসেই তিনি ছুঁয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। পুনেতে দ্বিতীয় টেস্টে একটা ইনিংসেই কেবল ব্যাট করে ভারত। সেখানে রোহিত ব্যর্থ হন। সেই ব্যর্থতা কাটিয়ে ফিরলেন রাঁচিতে। আর তাতেই ভারতের হাতেই এখন রাঁচি টেস্টের লাগাম। রোহিতকে যোগ্য সঙ্গ দিয়েছেন রাহানে। তিনিও সেঞ্চুরির পথেই আছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে তিনি ১৩৫ বল খেলে ৮৩ রান করে অপরাজিত আছেন। ইনিংসে আছে ১১টি চার ও একটি ছক্কা। দুটি উইকেট পেয়েছেন প্রোটিয়া পেসার ক্যাগিসো রাবাদা।