উত্সবের জোয়ার বন্দর নগরীতে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫৩

চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে এগিয়ে

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

হোটেল থেকে বেরুতেই চোখে পড়ল বেশ কিছু ব্যানার ফেস্টুন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আগমনী বার্তা জানান দিচ্ছে সেসব। দর্শকরাও আয়োজকদের এমন আহ্বানে সাড়া দিয়ে মাঠে এলেন দলে দলে।

সদ্যই কোলকাতায় ভারতের বিপক্ষে দারুণ খেলে ১-১ গোলের ড্র নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। এর রেশ কাটতে না কাটতেই দেশকে ফুটবল উত্সবে মাতাতে এলো শেখ কামাল কাপ। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্ট উপলক্ষ্যে চট্টগ্রাম আবাহনীতে জামাল ভুঁইয়া, ইয়াসিন আরাফাত কিংবা আরিফুল ইসলামদের যোগদান দর্শকদের আগ্রহটাকে দিয়েছে ভিন্ন মাত্রা।

এমন আগ্রহই সুদূর সীতাকুণ্ড থেকে টেনে এম এ আজিজ স্টেডিয়ামে এনেছে নুরুল ইসলামকে। বাংলাদেশ দলের সামপ্রতিক পারফর্মেন্সের সঙ্গে এই টুর্নামেন্টে বাংলাদেশিদের সাফল্য বাংলার ফুটবলের পুনরুজ্জীবন পেতে সাহায্য করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রায় ১০ হাজার দর্শক তুমুল উত্সাহ নিয়ে গতকাল শনিবার এসেছিলেন এম এ আজিজ স্টেডিয়ামে। চট্টগ্রাম আবাহনী ও টিসি স্পোর্টসের উদ্বোধনী ম্যাচের ষষ্ঠ মিনিটে যখন আরিফুল ইসলাম ডি বক্স থেকে মিস করলেন, ‘এই মিসই না কাল হয়ে দাঁড়ায়’ দর্শকদের কেউ কেউ প্রমাদ গুণলেন!

তবে খুব বেশিক্ষণ উত্কণ্ঠায় কাটাতে হয়নি তাদের। ৮ম মিনিটে আরিফুলের পাস খুঁজে পায় চিনিদু ম্যাথিউকে? টুর্নামেন্টের আগে আরামবাগ থেকে চট্টগ্রাম আবাহনীতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড সেখান থেকে দারুণ প্লেসমেন্টে গোলে উল্লাসে ভাসে সমর্থকেরা। এর পরের মিনিটে বক্সের বাইরে থেকে যখন ইয়াসিন আরাফাত গোল করলেন এম এ আজিজে তখন কান পাতা দায়!

৩২ মিনিটে লুকা রটকোভিচের শট ঠেকালেন টিসি স্পোর্টসের গোলরক্ষক ইব্রাহিম নাদিম আদম। তবে এর সাত মিনিট পর চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথিউ ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ম্যাচটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। এই ব্যবধান নিয়েই চট্টগ্রাম আবাহনী বিরতিতে গেলে দলের জয় দেখার দারুণ আশাবাদ নিয়ে আরো এক ঘণ্টা অপেক্ষার প্রস্তুতি নেন দর্শক।