এনসিএলে লাইভ স্ট্রিমিং প্রযুত্তি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগসহ ক্লাব পর্যায়ে বিভিন্ন লিগে ম্যাচের ভিডিও ধারণের কাজ গত মৌসুম থেকেই দেখা যাচ্ছে। এবার জাতীয় ক্রিকেট লিগে ম্যাচে লাইভ স্ট্রিমিং তথা সরাসরি সম্প্রচারের কাজ শুরু করেছে বিসিবি। তবে এই সম্প্রচারটা এখন দর্শকদের জন্য নয়।

পিচ ভিশন নামক প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট অ্যাপসে ম্যাচটা সম্প্রচার করছে বিসিবি। যার মাধ্যমে জাতীয় দলের নির্বাচক, কোচসহ সংশ্লিষ্ট সবার কাজটা সহজ হচ্ছে। এখন বিভিন্ন ভেন্যুতে সশরীরে না গিয়েও ম্যাচ দেখতে পাবেন তারা। এই প্রযুক্তির মাধ্যমে উইকেটের ওপরই ক্যামেরা স্থির থাকছে। মোট ক্যামেরা ব্যবহার করা হচ্ছে তিনটি। যেখানে বোলারের বোলিং, ব্যাটসম্যানের ব্যাটিং, উইকেটের আচরণ পুরোটাই বুঝতে পারবেন নির্বাচকরা। অনেক বোলারদের উইকেট পাওয়া, ব্যাটসম্যানদের রান করাসহ সার্বিক বিষয়ে খেলার মান নিয়ে প্রশ্ন উঠে। যার সমাধান হতে পারে এই লাইভ স্ট্রিমিং প্রযুক্তি। প্রাথমিকভাবে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলমান চট্টগ্রাম-বরিশাল বিভাগের ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে বিসিবি। পর্যায়ক্রমে ঢাকার বাইরে তিনটি ভেন্যুতে লাইভ স্ট্রিমিং শুরু করতে চায় বিসিবি। জানতে চাইলে বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু গতকাল বলেছেন, ‘আমরা এটা মাত্রই শুরু করলাম দ্বিতীয় রাউন্ড থেকে। ফতুল্লায় চলছে। এখানে লজিস্টিকসের বড়ো বিষয় আছে। বড়ো আকারে করতে সময় লাগবে। ফতুল্লার পর বগুড়ায় করার ইচ্ছা আছে।’

এখন অভ্যন্তরীণ হলেও ভবিষ্যতে এই লাইভ স্ট্রিমিং প্রযুক্তির মাধ্যমে দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বিসিবির। দ্ধ