আজ মালদ্বীপকে রুখলেই শিরোপা বাংলাদেশের

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫৫

 

উয়েফা কিশোর ফুটবল

স্পোর্টস রিপোর্টার

স্বাগতিক বাংলাদেশ চার জাতির উয়েফা কিশোর ফুটবলে নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে কম্বোডিয়া ও ফারো আইল্যান্ডসকে? ফলে নিজেদের শেষ ম্যাচে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে  হার এড়াতে পারলেই প্রতিযোগিতাটির প্রথম শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ। 

নিজেদের প্রথম ম্যাচে মইনুল ইসলামের জোড়া গোলে কম্বোডিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে প্রত্যাশিত জয়টি তুলে নিয়েছিল স্বাগতিক কোচ রবার্ট মার্টিন রাইলসের শিষ্যরা। এরপর গত শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফারো আইল্যান্ডসের মুখোমুখি হয় দলটি। সে ম্যাচে আবারও মইনুল ইসলামের নৈপুণ্যে ভর করে ৩-১ গোলের শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে দুই জয়ের ফলে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সমীকরণটা সোজা। ড্র করলেই চলতি আসরের শিরোপা উঠবে জনি শিকদারদের হাতে।

আগের আসরের একমাত্র জয়টি এসেছিল মালদ্বীপের বিপক্ষেই। চলতি আসরের প্রথম দুই ম্যাচের দারুণ দুটো জয় তুলে নেবার পর সেই মালদ্বীপের বিপক্ষে আরো চনমনে বাংলাদেশ। কোচ রাইলস জানালেন, দুই জয়ের ধারাবাহিকতা ধর রেখে শিরোপা জিততে চান তিনি।

টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছিলেন জয়-পরাজয় একপাশে রেখে খেলোয়াড়দের উন্নতিই প্রধান লক্ষ্য তার দলের। সে জায়গাতেও সন্তুষ্ট ইংলিশ কোচ। এ ব্যাপারে রাইলস বলেন, ‘দলটাকে কৌশল মেনে খেলাতে চেয়েছিলাম। সেটা হয়েছে। বলের দখল, শরীরি সক্ষমতায়ও উন্নতি এসেছে। সব মিলিয়ে আমি খুশিই।’