সম্প্রতি বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হবার পর অভিযুক্ত আসামিদের পাশাপাশি তাদের বাবা-মায়ের ছবিতে খুনির পিতা, খুনির মা ইত্যাকার শব্দ সম্বলিত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তাতে নানাজনে নানা রকমের নেতিবাচক মন্তব্য করছে। অথচ আমরা জানি, তদন্ত কর্মকর্তার অভিযোগ দাখিলের পর ফৌজদারি আইনের আওতায় আদালত কর্তৃক আসামিদের চূড়ান্তভাবে দণ্ডিত করার আগ পর্যন্ত কোনো দাগী অপরাধীকেও খুনি বলা যায় না। কিন্তু অভিযুক্ত আসামিদের অপরাধের দায়ে তাদের পিতা-মাতা বা আত্মীয়স্বজনকে অপরাধী হিসাবে চিহ্নিত করা খুবই দুঃখজনক। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। যে কোনো অপরাধের জন্য ফৌজদারি আইন, আদালত, ধর্মীয় রীতিনীতি, সামাজিক প্রথা কোনো কিছুতেই বাবা-মা ভাইবোন বা আত্মীয়স্বজনকে অভিযুক্ত করার কোনো সুযোগ নেই। সত্সঙ্গে সর্গবাস, অসত্সঙ্গে সর্বনাশ। বুয়েটের ঘটনার ক্ষেত্রেও এমনটা হয়েছে। আর অপরাধের জন্য শুধুই অপরাধী দায়ী এবং আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং অভিযুক্ত আসামিদের অপরাধের দায়ে তাদের বাবা-মা বা আত্মীয়স্বজনকে অপরাধী হিসাবে চিহ্নিত করা বা প্রচার করা কোনো ক্রমেই সমীচীন নয়।
মো. জিল্লর রহমান
সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা
