পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে তিনবার আওয়ামী লীগ এবং দুইবার বিএনপি দলীয় প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার আজিজুল হক আরজু সংসদ সদস্য নির্বাচিত হন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ চায় আসনটি ধরে রাখতে আর বিএনপি চায় পুনরুদ্ধার করতে। ইতোমধ্যেই প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএম সেলিম রেজা হাবিব গণসংযোগ এবং সভাসমাবেশ করে নির্বাচনী মাঠ দখলে নেয়ার চেষ্টা করছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী আহমেদ ফিরোজ কবির প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন বলে এলাকার রাজনৈতিক সচেতন মহল জানান।
তারা বলছেন, আহমেদ ফিরোজ কবির গত ২৫নভেম্বর আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে উঠান বৈঠকসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে নির্বাচনী মাঠে তার অবস্থান বেশ সুদৃঢ় করেছেন।পক্ষান্তরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে ১৪দিন পরে দলের একক প্রার্থী মনোনীত হন।এতে তিনি প্রচার-প্রচারণায় পিছিয়ে । তাছাড়া দলে অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে। সেকারণে নির্বাচনী মাঠে বিএনপি প্রার্থীর চেয়ে আওয়ামী লীগ প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে সাধারণ ভোটারদের ধারণা।
ইত্তেফাক/এএম
