সদরপুরে আড়াই বছরের ছেলেকে গলা টিপে হত্যা করল বাবা!

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:২৬

নিজের আড়াই বছরের ছেলে রহমতকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ড বাবা হানিফ প্রামাণিক (২৫)। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের মকবুল মুন্সির ডাঙ্গী গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নিহত শিশুর মা স্বপ্না আক্তার স্বামী হানিফ প্রামাণিককে আাাসামি করে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে হানিফ পলাতক।

নিহত শিশুর দাদা শুকুর মুন্সি জানান, তার নাতিকে নিয়ে ছেলের বউ ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে ছেলে রহমতকে না দেখে মা চিত্কার দিলে শুকুর মুন্সিসহ এলাকার লোকজন রহমতকে খুঁজতে থাকেন। অনেক খোঁজার পর বাড়ির পাশে ধান খেতে শিশুটির লাশ পাওয়া যায়। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে তা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।