আম গাছে মিলল নিখোঁজ ইমামের ঝুলন্ত লাশ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে মাওলানা আবুল কালাম আজাদ (৪৭) নামে মসজিদের এক ইমামের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তোর গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত আজাদ একই ইউনিয়নের মহিপুর উত্তরপাড়া গ্রামের মৃত. ইসমাইল হোসেনের ছেলে ও পাশের পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গাবেরদিঘি এলাকার জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। 

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, গত শুক্রবার জুমার নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে দুর্গাপুর গাবেরদিঘি এলাকার উদ্দেশে রওনা হন আজাদ। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল ভোরে এলাকাবাসী তার বাড়ির অদূরে একটি আম গাছের ডালের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারের হাসপাতাল মর্গে পাঠায়।