নবজাতক শিশুকে হত্যা করে জঙ্গলে ফেলেছিলেন মা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:২৭

গত শুক্রবার গভীর রাতে উপজেলার ঠাকুরকান্দি গ্রামের কামাল উদ্দিন প্রধানের সহধর্মিণী শিরিন বেগম এক কন্যা সন্তান প্রসব করেন। শিশুটি প্রসবের পরপরই তিনি তাকে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে দেন। জানা যায়, উপজেলার ঠাকুরকান্দি গ্রামের রকমত আলী প্রধানের ছেলে কামাল উদ্দিনের সহধর্মিণী শিরিন বেগমের প্রসব ব্যথা উঠলে তার শাশুড়ি গ্রাম্য দাই মাকে খুঁজতে বের হন। এ সময় শিরিন বাথরুমে যান। ঐ বাথরুমেই তার কন্যা সন্তানের জন্ম হয়। জীবিত এই কন্যা সন্তানকে তার মা শিরিন হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে এক গর্তে ফেলে দেয়। এ ঘটনা তার শাশুড়ির নজরে পড়লে শিরিনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। শিরিন তখন বলে শিশুটিকে হত্যা করে বাড়ির পেছনের জঙ্গলে ফেলে দিয়েছে। শিরিনের শাশুড়ি ঘটনাটি পরিবারের সদস্য ও বাড়ির লোকজনকে জানালে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজনকে জানায়।

পরিবারের অন্য সদস্যরা গ্রামের মাতব্বরদের সহযোগিতায় মতলব উত্তর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নবজাতক শিশুর লাশ উদ্ধার করে চাঁদপুরে ময়নাতদন্তের জন্য পাঠায়। মতলব উত্তর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য শিশুটির মা শিরিনকে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে শিরিন।