অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাং-লাদেশের বেসরকারি খাতের উন্নয়নে বিনিয়োগ বাড়াবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ খাতে সারাবিশ্বে সংস্থাটি মোট ১ হাজার বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা করেছে। সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি কোম্পানি ১৯ মিলিয়ন ডলার নিয়েছে।
ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার অংশ হিসেবে শুক্রবার আইএফসির আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট স্নিজানা স্টিইল্জকোভিকের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, এর আগে আরো অনেক বেসরকারি কোম্পানিতে বিনিয়োগ করেছে আইএফসি। আইএফসির বিশাল বিনিয়োগ ঘোষণা লুফে নিতে পারে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো। ফলে বাংলাদেশে কর্মসংস্থানের পরিধি আরো বাড়বে। আইএফসি ঋণে সুদহার ১০ শতাংশের কম হবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরো বলেছেন, আয়কর আদায়ে সক্ষমতা বৃদ্ধিতে ইউএসএআইডি সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি) বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত্ নিষ্ক্রিয় ছিল। এবার তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকরভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া।
