সহিংস বিক্ষোভের পর চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার রাতে দেশটির প্রেসিডেন্ট এ জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার দায়িত্ব সামরিক বাহিনীকে দেন। খবর বিবিসি ও এএফপির
মেট্রো ট্রেনের টিকিটের দাম বাড়ানোর জেরে ঐ বিক্ষোভের শুরু হয়। একপর্যায়ে তা মারাত্মক আকার ধারণ করলে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ঐদিন রাতে জরুরি অবস্থা জারি করেন। প্রেসিডেন্ট বলেন, ‘জরুরি অবস্থা জারির বিদ্যমান আইন অনুযায়ী আমি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছি এবং এটা সমাধানে জাতীয় প্রতিরক্ষা প্রধান হিসেবে মেজর জেনারেল জাভিয়ার ইতুরিয়াগা ডেল ক্যাম্পোকে দায়িত্ব দিয়েছি।’ শুক্রবার সারাদিন নগরীর বিভিন্ন স্থানে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। রাতে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং নগরীর গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র ইনেল বিদ্যুত্ কোম্পানি ভবন ও ব্যানকো চিলি শাখায় আগুন ধরিয়ে দেওয়া এবং বিভিন্ন মেট্রো স্টেশনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। লাতিন আমেরিকার একটি সম্পদশালী দেশ চিলি। কিন্তু তা সত্ত্বেও সেখানে নানা বৈষম্য রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজধানীতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এজন্য তারা অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানান। এ অবস্থার মধ্যেই হঠাত্ করে সেখানে মেট্রো ট্রেনের টিকিটের মূল্য ৮০০ পেসো থেকে বাড়িয়ে ৮৩০ পেসো (১.১৭ ডলার) করা হয়। আর এ কারণেই সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এর আগে গত জানুয়ারিতে টিকিটের মূল্য ২০ পেসো বাড়ানো হয়েছিল।
