বরগুনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:৩১

বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. এনামুল হোসাইনকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাথরঘাটা উপজেলা শহরে এসব কর্মসূচি পালিত হয়। অন্যদিকে এনামুলের সমর্থক নেতাকর্মীদের এসব কর্মসূচিকে প্রতিহত করতে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেয় তার প্রতিপক্ষের নেতাকর্মীরা। সরকার দলীয় ছাত্র সংগঠনের এমন উত্তেজনাকর পরিস্থিতি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে পাথরঘাটার বিভিন্ন স্থানে।

গতকাল দুপুর ১২টার দিকে এনামুলের সমর্থক নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল প্রতিহত করার চেষ্টা করে প্রতিপক্ষের নেতাকর্মীরা। এতে তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ অক্টোবর পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হোসাইনকে অনুপ্রবেশকারী উল্লেখ করে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। এরপর থেকে এনামুলের সমর্থক ও প্রতিপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ছাত্রলীগ থেকে সদ্য বহিষ্কার হওয়া মো. এনামুল হোসেন বলেন, আমি যে ষড়যন্ত্রের শিকার তা পাথরঘাটা ছাত্রলীগের নেতাকর্মীরা বুঝতে পেরে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কিন্তু প্রতিপক্ষের ছাত্রলীগ নেতারা সেই মানববন্ধন ও সংবাদ সম্মেলন পণ্ড করার জন্য আমার নেতাকর্মীদের শহরে প্রবেশ করতে দিচ্ছে না। আমার সমর্থক নেতাকর্মীদের মারধর করে ছত্রভঙ্গ করে দিচ্ছে। মারধরে আমার অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

তবে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান সোহাগ বলেন, এনামুল ও তার নেতাকর্মীরা যেটা করছেন, তা সমপূর্ণ সংগঠনবিরোধী। তিনি তার পদ ফেরত পাওয়ার জন্য কেন্দ্রে আপিল করতে পারতেন। কিন্তু তিনি তা না করে মিছিল মিটিং করে পাথরঘাটায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জানমাল রক্ষায় পুলিশ আইনি পদক্ষেপ নিয়েছে।