তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনীতির মাঠে এখন বিগত যৌবনা। কারণ রাজনীতিতে যত যশ ও প্রতিপত্তি ছিল সেটি তাদের হারিয়ে গেছে। তাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তারা এখন সবাই রাজনীতির মাঠে বিগত যৌবনা। সে কারণে তাদের ডাকে কেউ সাড়া দিচ্ছেন না এবং তারা যে কথাগুলো বলছেন এগুলো সাধারণ মানুষের কাছেও বিশ্বাসযোগ্য হচ্ছে না। গতকাল শনিবার সকালে জেএম সেন হল প্রাঙ্গণে আয়োজিত চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তাঁতী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের সংগঠনে অনেক আগাছা-পরগাছা ঢুকেছে এবং অনেকে নানাভাবে পদ পেয়েছে। এই আগাছা-পরগাছাদের সংগঠনের সকল পর্যায় থেকে দূর করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলনকে সামনে রেখে আমরা দলকে পরিষ্কার করার কাজে হাত দিয়েছি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসমূহ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো থেকে আগাছা-পরগাছা দূর করতে হবে। ইদানিং কিছু অতি উত্সাহী ফেইসবুকে দল পরিচালনা করছে। তিনি এসব সেলফি লীগ ও ফেইসবুক লীগ থেকে দূরে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের তাঁতীদেরকে সংগঠিত করার জন্য এই সংগঠনের সৃষ্টি করেছিলেন। সে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে এই সংগঠন পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ সাধন করার নাম রাজনীতি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের যে কোনো পর্যায়ের নেতা কোনো অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হোক সেটা আমরা চাই না।
চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শওকত আলী।
এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা অনেক বেড়েছে। কমেছে আবাদি জমির পরিমাণ। তারপরও বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ এবছর ২ লাখ টন খাদ্য শস্য রপ্তানি করবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) দুইদিন ব্যাপী ১৬তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
