বেলকুচিতে বাড়ির গাছ থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়। গতকাল শনিবার উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের আলমগীর আকন্দের বাড়ির গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সাপটি দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসী জানায়, গতকাল সাব্বির নামের এক বালক বাড়ির বাইরে খেলার সময় গাছের ওপর একটি অজগর সাপ জড়িয়ে রয়েছে দেখতে পায়। পরে স্থানীয়রা দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানান। মামুন বিশ্বাস ও ইমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করেন। বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ রাজশাহী বিভাগীয় পরির্দশক জাহাঙ্গীর কবিরের নির্দেশে সিরাজগঞ্জের এসএফএনটিসি’র ভারপাপ্ত কর্মকর্তা হূষীকেস চন্দ্র রায়ের কাছে অজগরটি হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পার্কে অজগর সাপটি ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
