বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আবরারের হত্যার মাধ্যমে সারা পৃথিবী জানতে পেরেছে এদেশে ভিন্নমত পোষণ করলে তাকে হত্যা করা হয়। এ সরকার হচ্ছে বিনা ভোটের নির্বাচন করা, গণতন্ত্র হত্যা করা, বিচার ব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপ করার রোল মডেল। তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বার্থ রক্ষা করতে পারছে না সরকার। এটা নতজানু সরকার, এটা সেবাদাস সরকার।
গতকাল শনিবার আগ্রাসি শক্তির বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর শহিদ আবরার ফাহাদ এবং সব নির্যাতনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, বেগম খালেদা জিয়া কখনোই প্যারোল চাইবেন না। যারা প্যারোলের কথা বলছেন তারা হয়তো না বুঝে বলছেন অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, নিতাই রায়, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
লুটপাট করতেই যুবলীগের দায়িত্ব চান জবি ভিসি: মোশাররফ
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমানের যুবলীগ সভাপতি হওয়ার অভিপ্রায়ের প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কী লজ্জা! সমাজের পচন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যে ভিসি ঐ ধরনের সংগঠন ছাত্রলীগ-যুবলীগ শাসন করবেন, তার চোখ রাঙানিতে ক্যাম্পাস প্রকম্পিত থাকবে, তিনি যুবলীগের সভাপতির দায়িত্ব নিতে চান। ভিসি যুবলীগের সভাপতির পদ নিতে চান কারণ, সেখানে হাজার হাজার কোটি টাকা পাবেন।’
