বাংলাদেশ-স্মৃতি এখনো পোড়ায় লাওসকে

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:১০

 নেয়ামত উল্লাহ, চট্টগ্রাম থেকে

লাওসকে দুই লেগের প্রাক বাছাই পর্বে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পেয়েছিল বাংলাদেশ। ‘এখানে হেরে গেলে অপেক্ষা করছে বড় সময়ের নির্বাসন’—এমন একটা শঙ্কা সে ম্যাচ দু’টির আগে ঘোরাফেরা করত বাংলাদেশ ফুটবলের অলিগলিতে। জুন-জুলাই মাসের লড়াইটির আগে বাংলাদেশ যে শঙ্কায় পুড়ত, সেই বাস্তবতা এখন ভোগ করছে লাওস। বাংলাদেশের কাছে হেরে প্রায় নির্বাসনে দলটি। সে ম্যাচের স্মৃতি এখনো বেদনাবিদ্ধ করে লাওসকে, এমনটাই জানালেন শেখ কামাল কাপে খেলতে আসা ইয়াং এলিফ্যান্টের  ডিফেন্ডার ভান্না বোনলোভাংসা।

সপ্তাহখানেক আগে ভারতের বিপক্ষে দারুণ খেলেও ড্র নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। এর আগে কাতার কিংবা আফগানদের বিপক্ষেও পারফরম্যান্স ছিল সন্তোষজনক। তবে এ যোগ্যতা অর্জন করতে হয়েছিল লাওসের বিপক্ষে প্রাক বাছাই পর্বে জিতে। নিজেদের মাঠে হারা ম্যাচটিই কাল হয়ে দাঁড়িয়েছিল লাওসের জন্য।

অথচ পারফরম্যান্স নিরিখে দুই দলই ছিল প্রায় সাম্যাবস্থায়। বরং প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে বাংলাদেশকেই কিছুটা কোণঠাসা লাগছিল। সেটপিস থেকে লাওস বরাবরই ত্রাস ছড়াচ্ছিল বাংলাদেশ রক্ষণে। কিন্তু নিজেদের আক্রমণভাগের নিষ্ক্রিয়তা আর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আর রবিউল হাসানের আচমকা ঝলকে সেদিন হেরেছিল লাওস। আর তাতেই হতাশার অন্ত নেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দলটির।

ইয়ং এলিফ্যান্ট দলের ডিফেন্ডার ভান্না সেদিনও মাঠে ছিলেন। খেলেছিলেন ফিরতি লেগেও। দুই লেগ মিলিয়ে খেলেছিলেন ১৬০ মিনিট। তিনি জানালেন, ভালো খেলেও বিদায় নেয়াটা হতাশাজনকই ছিল তার দলের জন্য। লাওটিয়ান এই ডিফেন্ডার ইত্তেফাককে বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচটায় সমানে সমানে লড়েছিলাম আমরা। একটু এদিক ওদিক হলে ফলাফলটা আমাদের পক্ষেও আসতে পারত। ভালো খেলেও হেরে যাওয়াটা বেশ হতাশাজনকই বটে।’

প্রথম লেগ ১-০ গোলে হেরে ফিরতি খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভাগ্য বদলাতে চেয়েছিল লাওস। কিন্তু ০-০ ড্র নিয়ে ফেরায় সেটা আর হয়নি। বাংলাদেশের মাঠে স্মৃতিটা তাই মোটেও সুখকর নয় ভান্নার। ইয়ং এলিফ্যান্ট ডিফেন্ডার জানালেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ভালো খেলে সে স্মৃতি এবার  মাটিচাপা দিতে চান। ভান্নার ভাষায়, ‘পুরোনো কিছুকে আঁকড়ে পড়ে থাকার কোনো অর্থ নেই। সে খেলাটা অতীত হয়ে গেছে। শেখ কামাল কাপ নতুন একটা টুর্নামেন্ট। আগেরবারের স্মৃতি যেন ঢাকা পড়ে যায়, এবার তেমন কিছুই করতে চাই।’