পুঁজিবাজার থেকে ২৩৮ কোটি টাকা সংগ্রহ করবে ওমেরা পেট্রোলিয়াম

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:১৪

তালিকাভুক্তির জন্য রোড শো অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ২৩৮ কোটি ৪৩ লাখ টাকা সংগ্রহ করবে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। এরমধ্যে ১৮৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে কোম্পানিটি ৩ হাজার ৮০০ মেট্রিক টন এলপিজি ধারণ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক মানের  সমুদ্রগামী জাহাজ কিনবে। এছাড়া ঋণ পরিশোধে ব্যয় হবে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত রোড শো’ অনুষ্ঠানে কোম্পানির উদ্যোক্তারা এ তথ্য জানান। রোড শো’তে ওমেরা পেট্রোলিয়ামের প্রধন নির্বাহী কর্মকর্তা শামসুল হক আহমেদ জানান, বর্তমানে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের ৬২.৪৯ শতাংশ শেয়ারের মালিক মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড। এছাড়া কোম্পানিরি অন্যান্য অংশীদারের মধ্যে আছে বিবি এনার্জি এশিয়া পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুর ও নেদারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান এফএমও। অনুষ্ঠানে ওমেরা পেট্রোলিয়ামের পরিচালক আজম জে চৌধুরী, তানজিল চৌধুরী, রিয়াজ আবু নাসের বাসান্তে, বাহাদিন মোহামেদ আবুল নাসের বাসান্তে, রিচার্ড ভারবোভে, প্রধান অর্থ কর্মকর্তা আকতার হোসেন সান্নামাত, কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।