ইত্তেফাক রিপোর্ট
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ‘ওয়ালটন কারখানা দেখে আমি অভিভূত হয়েছি। ওয়ালটন মানসম্মত এবং পরিবেশবান্ধব পণ্য তৈরি করছে। ওয়ালটনের মতো ইন্ডাস্ট্রি গড়ে উঠলে দেশ আরো এগিয়ে যাবে।’
তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষার সব নীতি মেনেই ওয়ালটন পণ্য উত্পাদন করছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন; বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের তরফ থেকে তাদেরকে সম্ভাব্য সব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে রেফ্রিজারেটর ও কম্প্রেসর উত্পাদন কারখানা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব সুলতানা আফরোজ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রফিক আহমেদ, পরিচালক মো. জিয়াউল হক, অতিরিক্ত সচিব মঞ্জরুল হান্নান, বিএসটিআই মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এর আগে অতিথিরা কারখানায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম। প্রথমে তারা ওয়ালটনের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর ফ্রিজ, মেটাল কাস্টিং, কম্প্রেসর, তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) ইত্যাদি ঘুরে দেখেন।
