তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোরের গোল্লাপাড়াহাটে ১০ কেজি ধানের দামে মিলছে এক কেজি পেঁয়াজ। ফলে ক্রেতারা বিপাকে পড়ে উচ্চমূল্যে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে জানা গেছে, সস্প্রতি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরে ব্যবসায়ীরা ১৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেন। তবে বাজারে ভ্রাম্যমাণ আদালতের ভয়ে ভীত হয়ে কয়েকদিন আগে ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেন ব্যবসায়ীরা। কিন্তু নিয়মিত বাজার মনিটরিং না থাকায় তানোর উপজেলার গোল্লাপাড়াহাট, কালীগঞ্জহাট, মুন্ডমালা বাজার, তালন্দহাট, কামারগাঁ, কোয়েলহাট, বিল্লিবাজার, দরগাডাঙ্গাহাট, কৃষ্ণপুরহাট, সরনজাইসহ ২০টি বাজারে আবারও পেঁয়াজের মূল্য বেড়েছে।
গোল্লাপাড়াহাট কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, গত হাটে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা দরে কিনেছি। কিন্তু এখন প্রতি কেজি পেঁয়াজ এখানে ১০০ টাকা দাম হাকাচ্ছে দোকানদাররা।
একাধিক খুচরা ব্যবসায়ী জানান, শুক্রবার সকালে গোল্লাপাড়া বাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রেতার কাছ থেকে ৩২০০-৩৩০০ টাকা মণ দরে কেনা হয়েছে। সেটি ১০০ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।
কাঁচামালের পাইকারি ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, আমরা ইন্ডিয়ান পেঁয়াজ শিবগঞ্জ থেকে পাইকারি কিনে আনি। ইন্ডিয়াতেই পেঁয়াজের দাম বেশি, তাই বেশি দামে কিনতে হচ্ছে। আর দেশি পেঁয়াজ তাহেরপুর, বানেশ্বরসহ বিভিন্ন হাট থেকে পাইকারি কিনতে হচ্ছে ৩২০০-৩৩০০ টাকা মণে। তাই খুচরা বাজরে দাম বেশি।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, পেঁয়াজের দাম সারাদেশেই বেড়েছে। কোনোভাবেই কৃত্রিম উপায়ে বাজারে পণ্যের দাম বাড়ানো মেনে নেওয়া হবে না। তারপরেও কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম উপায়ে কোনো পণ্যের দাম বেশি নেন তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
