শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

ইয়ং এলিফ্যান্টের নাটকীয় জয়

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:১২

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

সম্যাবস্থায় থাকা ম্যাচে অন্তিম মুহূর্তে পেনাল্টি হলো মোহনবাগানের পক্ষে। সঙ্গে ইয়ং এলিফ্যান্ট অধিনায়ক ভান্না বোনলোভাংসা দেখলেন লাল কার্ড। তারপর মিনিট দেড়েকের ছোট্ট একটা নাটক। যার শেষটায় গতকাল রবিবার শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় ম্যাচে ২-১ জিতল ইয়ং এলিফ্যান্ট।

অথচ শুরুর আধা ঘণ্টায় মোহনবাগানের দ্রুতলয়ের পাসিং ফুটবলের সামনে অসহায়ই মনে হচ্ছিলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দলটিকে। মুহুর্মুহু ক্রসে ইয়ং এলিফ্যান্ট রক্ষণকে ব্যতিব্যস্ত রাখছিল পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী দলটি। ১৭ মিনিটে কর্নার থেকেই এগিয়ে যায় মোহনবাগান। জোসেবা বেইতিয়ার নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন দানিয়েল সাইরাস।

 গোল হজম করে প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়াতে থাকে ইয়ং এলিফ্যান্ট। ১৯ আর ২৬ মিনিটে দুটো সুযোগ নষ্টও হয় দলটির। ৪৩ মিনিটে চান্তাচোনে থিনোলাথের বাড়ানো বলে সমজেই কিওহানাম দারুণ এক লবে গোল করলে সমতায় ফেরে লাওটিয়ান দলটি। উজ্জীবিত ইয়ং এলিফ্যান্ট প্রথমার্ধের যোগ করা সময়েও আক্রমণে উঠেছিল একবার। তবে বোনপাচান বোনকংয়ের শটটি লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। 

তবে পুরো রোমাঞ্চটা যেন শেষ সময়ের জন্যই জমিয়ে রেখেছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। মোহনবাগান ফরোয়ার্ডকে বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ইয়ং এলিফ্যান্ট  অধিনায়ক ভান্না? পেনাল্টি পায় মোহনবাগান। সেখান থেকে জোসেবা বেইতিয়ার পেনাল্টি ঠেকান ইয়ং এলিফ্যান্ট গোলরক্ষক জেসাভাথ।

প্রতি আক্রমণে দারুণ এক ক্রস করে চান্থাচোনে। সেখান থেকে দুর্দান্ত ভলিতে গোল করে ইয়ং এলিফ্যান্টের অসাধারণ এক জয় পাইয়ে দেন প্রথমার্ধে দলটিকে সমতায় ফেরানো সমজেই কেওহানাম।