কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:১৩

পৃথক স্থানে গুলিবিদ্ধ যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি ও টেকনাফ সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রহিম উদ্দিন রফিক (৩৭) ও মো. আজিজ (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুই জনেই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপরদিকে সৈকতের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় মেলেনি। শনিবার দিবাগত রাত ১টার দিকে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিক ও রবিবার ভোররাত ৪টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আজিজ নিহত হন। রহিম উদ্দিন উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মধ্যম কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। মো. আজিজ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।

টেকনাফ-২ ব্যাটেলিয়ন বিজিবি কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল মদিনার জোড়া এলাকায় অভিযানে যায়। এ সময় কয়েক জনকে নৌকা নিয়ে নাফ নদী পার হয়ে আসতে দেখে অভিযানকারীরা। নদীর কিনারায় আসার পর একজন নেমে গেলে টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ইয়াবা ব্যবসায়ীরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। বিজিবিও পালটা গুলি ছোড়ে। পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৬০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করে।

অন্যদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাত ৯টার দিকে মাদক মামলার আসামি মো. আজিজকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে সদর ইউপি মহেশখালীয়া পাড়া নৌকাঘাটে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পালটা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩ হাজার ইয়াবা, একটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, রামু থানা ওসি আবুল খায়ের বলেন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলীর ছড়া ভাঙ্গা এলাকায় মেরিন ড্রাইভ রোডের পূর্ব পার্শ্ব হতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করে। তার বুকে ও পেটে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই পক্ষের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।