কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুই মামলা থানায় হস্তান্তর

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:৩০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে র্যাব গতকাল রাতে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী র্যাব কর্মকর্তা (ডিএডি) মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ্ত কুমার চক্রবর্তী। অপর দিকে রিমান্ড শেষে ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে গতকাল কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তের আলোকে অসামাজিক ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে গতকাল রাজীবকে বহিষ্কার করা হয়। অপর দিকে রাজীবের গ্রেফতারে মোহাম্মদপুর এলাকায় মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। তারা রাজীবের কঠোর শাস্তি দাবি করেছেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর রাজীবকে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে রাজীবকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে সঙ্গে নিয়ে তার বাসা ও অফিসে রাতভর অভিযান চালানো হয়।

কাউন্সিলর মিজান কারাগারে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে চিকিত্সা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। ১১ অক্টোবর সকালে র্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিজানকে আটক করে।