মেননের বক্তব্যের সঙ্গে জাপাও একমত নয় : বাবলা

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০০:৪৭

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে বক্তব্য দিয়েছেন তা অগ্রহণযোগ্য। হয়তো মন্ত্রিত্ব না পেয়ে ক্ষোভ থেকে তিনি এ ধরনের কথা বলতে পারেন। তার এ বক্তব্য সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, জাপাও তার বক্তব্যের সঙ্গে একমত নয়। গতকাল রবিবার শ্যামপুরে শ্যামপুর-কদমতলী থানা জাপার যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, বিগত নির্বাচনে জনগণের ভোটেই আমরা সংসদে ৩০০ এমপি নির্বাচিত হয়েছি। তার মধ্যে মেনন সাহেবও একজন। জনগণ যদি ভোট দিতে না পারত তাহলে তিনি এমপি হলেন কীভাবে। কীভাবে এমপি ও সংসদীয় কমিটির সভাপতি হয়ে রাষ্ট্রীয় সব সুবিধা ভোগ করছেন। তিনি যদি মনে করে থাকেন তিনি জনগণের ভোটে নির্বাচিত  নন, তাহলে সংসদ থেকে পদত্যাগ করলেই পারেন। কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামাল কাজলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কেন্দ্রীয় সদস্য শেখ মাসুক রহমান।