শরতের বিকেলে টুকটাক

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:০৮

 

শরতের হালকা শীতল আমেজ এখন সর্বত্র। সকাল থেকে রাত পর্যন্ত বেশ ঠাণ্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে প্রকৃতিতে। এমন সময় একটু ভারী খাবার ঠাণ্ডা আমেজটাকে আরো উপভোগ্য করে তোলে। এমন কিছু রেসিপি দিয়েছেন ফাহা হোসেন

বাটার চিকেন

 

উপকরণ :হাড়ছাড়া মুরগির মাংস ১ কাপ, বাটার ২ টেবিল চামচ, রসুন ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা ১/২ টেবিল চামচ, টমেটো ৪টি, কাজু বাদাম ২ টেবিল চামচ, শুকনো মরিচ ৪/৫টি, লবণ ১/৩ চা চামচ, চিনি ১/২ চা চামচ, ফ্রেশ ক্রিম ৪ টেবিল চামচ।

প্রণালি :প্রথমে হাড়ছাড়া মাংসগুলোকে কিছুটা পাতলা স্লাইস করে কেটে নিন। এবার প্যানে বাটার গলিয়ে চিকেনের স্লাইসগুলোকে এদিক সেদিক করে হালকা ভেজে তুলে নিতে হবে। অন্যদিকে ব্লেন্ডারে একে একে রসুন, পেঁয়াজ কুচি, আদা, টমেটো, কাজু বাদাম, শুকনো মরিচ, লবণ ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন কিছুটা পানি দিয়ে। এবার চিকেন ভাজার প্যানে আরো কিছুটা বাটার দিয়ে তাতে ব্লেন্ড করে নেওয়া পেস্টটা দিয়ে অল্প একটু কষিয়ে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে একটু ঘন হয়ে এলে তাতে ক্রিম দিয়ে নামিয়ে নিন।

 

প্রন ককটেল

 

উপকরণ :চিংড়ি (মাঝারি) ৪/৫টি, লাইম ১টি, গারলিক পাউডার ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, টেম্পুরার গুঁড়া ১ টেবিল চামচ, সয়া সস ১ চা চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম ১/২ কাপ, তেল ১/২ কাপ।

সসের জন্য :ক্রিম ১/২ কাপ, ময়দা ১ চা চামচ, বাটার ১ টেবিল চামচ, চিনি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, লবণ ১/৬ চা চামচ।

প্রণালি :প্রথমে সস করে নিন। আর সস করার জন্য প্যানে বাটার গলিয়ে তাতে ময়দা দিয়ে খুব ভালোভাবে ঘন ঘন নেড়ে নেড়ে মিশিয়ে এবার তাতে ক্রিম দিয়ে দিন। এবার এতে চিনি, গোল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে খুব ঘন ঘন নেড়ে নিন। সস ঘন হয়ে এলে নামিয়ে নিন। চিংড়ির খোসা ও মাথা ছাড়িয়ে নিন। কিন্তু লেজ রেখে দেবেন। এবার চিংড়ির পিঠের অংশ ছুড়ি দিয়ে চিড়ে নিন। চিংড়িগুলো গোলমরিচ, সয়া সস, লাইম জুস দিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। এবার ডিম ফেটিয়ে নিন, তাতে টেম্পুরা মেশান বেশ ভালো ভাবে। মেরিনেট করা চিংড়ি প্রথমে টেম্পুরার মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেডক্রামে গড়িয়ে নিন। ১৫ মিনিট ফ্রিজে রাখুন। তেল মাঝারি আঁচে গরম করে চিংড়িগুলো বাদামি করে ভাজুন। হয়ে গেল স্পাইসি লাইম প্রন টেম্পুরা। গরম গরম পরিবেশন করুন।

 

 

মিনি চিকেন বার্গার

 

উপকরণ :মিনি বান ৫/৬টি, মুরগির বুকের মাংস ১ কাপ, পেঁয়াজ ১টি, রসুন ৩/৪ কোয়া, কাঁচামরিচ ২টি, চিলি ফ্ল্যাক্স ১/৪ চা চামচ, সয়া সস ১/২ চা চামচ, ওয়েস্টার সস ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেটি চিজ ৫/৬ স্লাইস, ব্ল্যাক অলিভ ৪/৫টি, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লবণ ১/৫ চা চামচ।

প্রণালি :প্রথমে মুরগির বুকের মাংস, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড করা মিশ্রণ একটি বাটিতে নিয়ে তাতে সয়া সস, ওয়েস্টার সস, লবণ, ধনেপাতা, চিলি ফ্ল্যাক্স দিয়ে ভালোভাবে মাখিয়ে ৫/৬ ভাগে ভাগ করে নিয়ে গোলাকার আকারে গড়ে নিন। এবার একটা ননস্টিক প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে মাংসের গোলাকার বলগুলো দিয়ে হালকা চেপে চেপে দিন। এপিঠ ওপিঠ করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার মিনি বার্গারগুলো মাঝ বরাবর কেটে হালকা ছেঁকে তাতে পেটি চিজ এবং তার ওপর মাংসের টোস্ট দিয়ে কিছুটা ব্ল্যাক অলিভ স্লাইস করে পরিবেশন করুন।

 

 

ক্যারামেল ব্রেড পুডিং

 

উপকরণ :ডিম ৬টি, তরল দুধ ১ কেজি, পাউরুটি ৪ টুকরো, কাস্টারড পাউডার ৩ টেবিল চামচ, কনডেন্স মিল্ক ১/২ কাপ, চিনি ১/২ কাপ, পাউডার দুধ ১/২ কাপ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ, গোলাপের পাপড়ি ৭/৮টি।

প্রণালি :প্রথমে তরল দুধ খুব অল্প আঁচে বসিয়ে জ্বাল দিয়ে দুধ কমিয়ে আধা করে নিতে হবে। পাউরুটির টুকরোগুলো চারপাশের লালচে অংশ কেটে ফেলতে হবে, এবার চুলা বন্ধ করে তরল দুধ ঠাণ্ডা করে নিতে হবে। এবার ঠাণ্ডা দুধ থেকে কিছুটা দুধ ব্লেন্ডারে নিয়ে তাতে পাউরুটির টুকরোগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার সবগুলো উপকরণ; যেমন :তরল দুধ, ব্লেন্ড করে নেওয়া পাউরুটি, ডিম, চিনি, কাস্টারড পাউডার, কনডেন্স মিল্ক, পাউডার দুধ একসঙ্গে মিশিয়ে একটা হুইসকার দিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নিতে হবে। এবার যে প্যানে পুডিং করবেন, তাতে কিছুটা চিনি দিয়ে চুলায় বসিয়ে চিনি পুড়িয়ে ক্যারামেল করে নিতে হবে, এবার তাতে মিশ্রণটি ঢেলে চুলায় পানির ওপর ভাপে ৪৫ মিনিট অথবা ওভেনে ৭-১০ মিনিট বেইক করে নিলেই হয়ে গেল ক্যারামেল ব্রেড পুডিং। পরিবেশনের সময় পেস্তা কুচি ও গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করুন।