তারকা বচন

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:১৪

খুব যে বাছবিচার করে কাজ করতে পারছি, তা নয়। সবসময় পছন্দসই গল্প বা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যায় বিষয়টি এমন নয়। কিন্তু কাজ করছি, কারণ অভিনয় পেশা। আর এটা যেহেতু সম্মিলিত কাজ, তাই কারও একার পক্ষে ভালো কিছু করে দেখানো সম্ভব নয়। যে গল্প আমার কাছে ব্যতিক্রমধর্মী মনে হচ্ছে না, সেটাই হয়তো অনেকের ভালো লাগছে বা সময়োপযোগী মনে হচ্ছে। তাছাড়া ধারাবাহিক নাটকের গল্প কখন কোনিদকে মোড় নেবে, সেটাও আগে থেকে বলা যায় না। অন্তত যে নাটকের স্ক্রিপ্ট পুরোপুরি শেষ হয়নি। নাট্যকার, নির্মাতা, অভিনয়শিল্পী ও নাটকের সঙ্গে জড়িত অনেকে যখন ভালো কিছু করেন, তখনই তা দর্শকের কাছে আলাদা বলে মনে হয়। তার চেয়ে বড় কথা, কম বাজেটে সবসময় ভিন্নধর্মী কাজও তুলে ধরা সম্ভব নয়। কিন্তু এতকিছুর পরও অনেক কাজ প্রশংসা পাচ্ছে, এটাই বা কম কী?