বাহরাইন সম্মেলনে অংশ নিচ্ছে ইসরাইল, হামাসের নিন্দা

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:৫৪

বাহরাইনের রাজধানী মানামায় সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে অংশ নিচ্ছে ইসরাইল। যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের সঙ্গে যৌথভাবে আয়োজিত এ সম্মেলনে দেশটির অংশগ্রহণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, এই অঞ্চলে ইসরাইলি দখলদারিত্বের সঙ্গে সমন্বয় বা সংহতির যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

দুই দিনের এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের হুমকি প্রশমনই এ সম্মেলনের মূল প্রতিপাদ্য। তবে রবিবার থেকে শুরু হওয়া এ আয়োজনের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

ইসরাইল ও বাহরাইনের মধ্যে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশটির সঙ্গেও ইসরাইলের গোপন সম্পর্ক রয়েছে বলে প্রতীয়মান হয়। বিশেষ করে গত কয়েক বছরে সৌদি-আমিরাত বলয়ের আরো কাছাকাছি এসেছে ইসরাইল। দৃশ্যত ইরানবিরোধী লড়াইয়ে দেশটির প্রতি রিয়াদের আগ্রহ রয়েছে।

হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া ফিলিস্তিনি জনগণ এবং তাদের পবিত্র স্থানগুলোর প্রতি অবমাননাকর।