ইউনাইটেডের কৌশলে আটকাল লিভারপুল

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:১৭

স্পোর্টস ডেস্ক

ফলাফলটায় ম্যানচেস্টার ইউনাইটেড খুশি হতেই পারে। কারণ, গত রবিবার রাতের ম্যাচের আগে গেল মৌসুম থেকে শুরু করে এই মৌসুম অবধি লিগে টানা ১৭টি ম্যাচে জিতেছে লিভারপুল। আর অন্যদিকে ইউনাইটেড গেল ১৩টি লিগ ম্যাচে জিতেছে কেবল দুটিতে। এই পরিসংখ্যানে বুড়ো আঙুল দেখিয়ে রেড ডেভিলরা রুখে দিল লিভারপুল। ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ ব্যবধানে।

ম্যাচের বড়ো একটা সময় এগিয়েই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩৬ মিনিটে লিভারপুলের জালে মার্কাস রাশফোর্ডয়ের দুর্দান্ত গোলে উল্লাসে মাতে রেড ডেভিলরা। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ওলে গুনার সোলশারের দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ানো অল রেডরা ম্যাচের ৮৫ মিনিটে অ্যাডাম লালানার গোলে ১-১ সমতায় ফিরে। শেষ অবধি পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।

ম্যাচ শেষে প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলের প্রশংসা করলেন লিভারপুলের কোচ ইউর্গেন ক্লপ। তিনি বলেন, ‘গেল কয়েক বছর ধরে ইউনাইটেড রক্ষণাত্মক ফুটবলে বেশ জোর দিচ্ছে। এটাতে বিরক্তি প্রকাশ করার কিছু নেই। এটা শুধু আমিই না, অনেকেই টের পেয়েছে। এটা কোনো সমালোচনা নয়, ওদের ধরনটাই এমন। যখন এখানে খেলতে আসি তখন এটা জেনেই আমরা এসেছি। আর ওদের রক্ষণভাগটাও বিশ্বমানের।’

ড্রয়ের কারণ হিসেবে ক্লপ কোনো অজুহাত দাঁড় করাচ্ছেন না। তিনি বলেন, ‘দুই দলের সমান তালে লড়াই করার কথা ছিল। কিন্তু, ওদের রক্ষণভাগ বারবার আমাদের আটকে দিয়েছে। আমি কোনো অজুহাত দিতে চাই না। আমাদের অবশ্যই এর চেয়ে ভালো খেলা উচিত ছিল।’

চলতি মৌসুমে এবারই প্রথমবারের মতো জয় বঞ্চিত হলো লিভাপুল। যদিও, নয় ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে সালাহ-ফিরমিনোরা। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এখানে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান খুবই হতাশাজনক। তারা নয় ম্যাচ শেষে মাত্র ১০ পয়েন্ট পেয়েছে দলটি। পয়েন্ট টেবিলের এই অবস্থার কারণেই ম্যাচে ইউনাইটেড দলের পারফরম্যান্স ছিল অপ্রত্যাশিত।

লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘আমরা এখন ভালো দল। আমাদের আটকানোর কৌশল নিয়ে এখন সবাই ভাবতে বাধ্য। এমন একটা দলকে শুধু রক্ষণ দিয়ে আটকানোটা বড়ো ব্যাপার। ম্যানচেস্টার ইউনাইটেড সেটা করতে পেরেছে। সঙ্গে র?্যাশফোর্ড ও জেমসের মতো গতিময় ফুটবলারদেরও ওরা খেলতে দেয়নি।’

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গুনার সোলশার মনে করছেন, এই ম্যাচ দিয়েই আবারও নিজেদের হারানো কক্ষপথ ফিরে পেল রেড ডেভিলরা। তিনি ম্যাচ শেষে স্কাই স্পোটর্সকে বলেন, ‘দল ভালো ফেলেছে। বোঝা যাচ্ছে, আমাদের পরিশ্রম কাজে লাগছে। আশা করি, এখান থেকে লিগের মোড় ঘুরে যাবে। ম্যানেজার হিসেবে এই পারফরম্যান্স আমার চোখে ইতিবাচক। তবে, এখান থেকে আমাদের খুব বেশি দূরে তাকানোর সুযোগ নেই। লিগের দৌড়ে আসতে হলে আমাদের জয়ের ধারায় ফিরতে হবে।’

এখানে একটা পরিসংখ্যানের কথা না বললেই নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন সোলশারই হলেন একমাত্র কোচ যার বিপক্ষে ক্লপ দুবার মুখোমুখি হয়েও জিততে পারেননি!