সে নৈপুণ্যটাই দেখাতে চান লি টাক

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:১৮

নেয়ামতউল্লাহ, চট্টগ্রাম থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন মোটে এক মৌসুম। আবাহনীকে লিগ জিতিয়েই দেশছাড়া এই খেলোয়াড় আবারও বাংলাদেশে এসেছেন তেরেঙ্গানু এফসির অধিনায়ক অ্যান্ড্রু লি টাক।

আজ মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে চেন্নাই সিটি এফসির বিপক্ষে খেলবে তার দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের দ্বৈরথটির আগে লক্ষ্যের কথা জানালেন এই প্লে-মেকার। মালয়েশিয়ান সুপার লিগে গেল মাসে  সপ্তম হয়ে শেষ করেছে তেরেঙ্গানু এফসি। প্রতিপক্ষ চেন্নাই সিটি এফসি আইলিগের শিরোপাজয়ী হলেও নানান জটিলতা শেষ করে বাংলাদেশে পৌঁছেছে ম্যাচের একদিন আগে। ভ্রমণক্লান্তি নিয়ে প্রথম ম্যাচে কতদূর প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়াতে পারবে সেটা নিয়ে আছে সন্দেহ। এমন প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেও তেরেঙ্গানু অধিনায়ক জানালেন নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে জয় পাওয়া খুব সম্ভব। সাবেক আবাহনী প্লে-মেকার বলেন, ‘আমরা তাদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তবে নিজেদের কাজটা ভালোভাবে করতে পারলে জয় পাওয়াই উচিত আমাদের। আর সেটা করার পূর্ণ চেষ্টাটাই করবো।’

আবাহনীর হয়ে ২০১৭-১৮ মৌসুমে খেলে দশটিরও বেশি গোল করেছিলেন তিনি। করিয়েছিলেন তার চেয়েও বেশি। সেবারের ফর্মটা চলতি বাংলাদেশ সফরেও ধরে রাখতে চান, জানালেন লি টাক। ইংলিশ ফুটবলারের ভাষ্য, ‘সেবার বাংলাদেশে এসে সফল হয়েছিলাম, ভালো খেলেছিলাম। এবারও সে নৈপুণ্যটা দেখাতে চাই। নিজেকে একটা মানে দাঁড় করানোটাই আমার ব্যক্তিগত লক্ষ্য।’

এক মৌসুম আগে প্রিমিয়ার লিগে খেলতে এসে আবাহনীকে লিগ জিতিয়েছিলেন তিনি। এবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দল ভিন্ন হলেও লক্ষ্যটা একই আছে, জানালেন লি টাক। ৩১ বছর বয়সী  এই খেলোয়াড় বলেন, ‘২০১৭-১৮ মৌসুমে এখানে এসে শিরোপা জিতেছিলাম। আমি এবার একই লক্ষ্য নিয়ে ফিরে এসেছি। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জেতা ছাড়া দেশে ফিরতে চাই না আমরা।’