ঢাকা স্কুল অব ইকোনমিক্সের সেমিনারে বক্তাদের অভিমত

নতুন উদ্যোগে সফল হতে ব্যাবসায়িক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

নতুন উদ্যোগ ও নতুন ব্যবসা গড়ে তোলে সফল হওয়ার জন্য ব্যবসায়িক যোগাযোগ অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই যোগাযোগের মাধ্যমে নতুন নতুন বাজার এবং নতুন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী হওয়া জরুরি। সম্প্রতি ঢাকা স্কুল অব ইকোনমিক্স আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তারা এসব কথা বলেন।

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয় অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ভারতের অধ্যাপক রাজেশ তাওয়াল, লায়ন মার্কেন্টাইলের পরিচালক সঞ্চয় চেচানি, ঢাকা স্কুলের সহকারী অধ্যাপক রেহানা পারভীন ও সারাহ তাসনীম প্রমুখ।

রাজেশ তাওয়াল বলেন, পণ্য উত্পাদনে শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে, বিপণনে বিপণন কর্মকর্তা ও ভোক্তাদের সঙ্গে, রপ্তানির ক্ষেত্রে বিদেশিদের সঙ্গে উদ্যোক্তাকে যোগাযোগ করতে হয়। পণ্যের প্রচারে যে যত বেশি দক্ষ ব্যবসার ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা তার তত বেশি। এ সময় তিনি বলেন, ঢাকা স্কুল অব ইকোনমিক্সে উদ্যোক্তা অর্থনীতি বিভাগ উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে সক্ষম হবে। এই বিভাগের সেলেবাস বিশ্বমানের বলেও মত দেন তিনি।

মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে যোগাযোগে দক্ষতা বাড়াতে হবে। সম্ভাব্য সব ধরনের মাধ্যমে ও স্বীকৃত ভাষায় ভোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।