আলু রপ্তানিতে নগদ সহায়তায় ইপিবির সনদ বাধ্যতামূলক

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

আলু রপ্তানিতে নগদ সহায়তা পেতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রত্যয়ন সনদ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। গত রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলু রপ্তানি খাতে নগদ সহায়তা প্রদান অব্যাহত রাখার  স্বার্থে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র  দাখিল সংক্রান্ত সার্কুলারের  বিষয়ে  সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলু রপ্তানির নগদ সহায়তার ক্ষেত্রে ইপিবির প্রত্যয়ন সনদপত্র দাখিল করতে হবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকে কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মে অপেক্ষমাণ নগদ সহায়তার আবেদনসহ সার্কুলার জারির তারিখ হতে পরবর্তী আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকরী হবে। এ সার্কুলারটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়ছে।