আমতলীতে সড়কে গাছের গুঁড়ি ফেলে গণডাকাতি, আহত ৪০

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৪৯

আমতলী (বরগুনা) সংবাদদাতা

পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের দক্ষিণ পাশে রবিবার গভীর রাতে গাছের গুঁড়ি ও সিমেন্টের স্লাব ফেলে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের দল দেশীয় অস্ত্র দিয়ে লোকজনকে পিটিয়ে ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের হামলায় এ সময় নারীসহ ৪০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের দক্ষিণ পাশে মুখে কালি মাখানো ১০-১২ জন ডাকাতের একটি দল গাছের গুঁড়ি ও সিমেন্টের ব্লক ফেলে সড়ক আটকে দেয়। এরপর যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।