ঝড়ে উপড়ে পড়া গাছ নিয়ে বিপাকে শিক্ষক-শিক্ষার্থী

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫১

আমিনুল ইসলাম জুয়েল, পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছায় আলাদী পাড়া আজিজিয়া দাখিল মাদ্রাসার দুইটি গাছ কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়ার ৫ মাসেও অপসারণ করা হয়নি। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা গাছ দুইটির নিচ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এদিকে, গাছের একটি অংশ ভবনের উপর পড়ে দুইটি শ্রেণি কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঠদানে কক্ষ সংকট দেখা দিয়েছে।

আলাদী পাড়া আজিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সামছুল হক বলেন, ‘উপড়ে পড়ার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গাছ দুটি অপসারণের জন্য লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুটি শ্রেণি কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্রেণি কক্ষ সংকটে শিক্ষার্থীদের পড়াপলেখায় বিঘ্ন ঘটছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, ঝড়ে পড়ে যাওয়া গাছ দুটির মূল্য নির্ধারণে বন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল্য নির্ধারিত পত্র পেলেই অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।