বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫২

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো. সৈকত (৪) নামের এক শিশুর সলিল সমাধি হয়েছে। সোমবার সকালে উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীরা জানায়, শিশু সৈকত তার মায়ের সঙ্গে রবিবার গোয়ারীভাঙ্গা গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। সোমবার সকালে মায়ের সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে যায় সে। মা ছেলেকে গোসল করিয়ে নৌকায় বসিয়ে নিজে পানিতে নামেন। এক পর্যায়ে শিশুটি নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। প্রায় আধঘণ্টা খোঁজার পর খাল থেকে শিশুটিকে উদ্ধার করার পরে হোমনা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত শিশু সৈকত মেঘনা উপজেলার রাধানগর গ্রামের মো. মনির হোসেনের ছেলে।