বিজয়পাখি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:১৭

বিজয়পাখি নীল আকাশে মুক্তমনে ওড়ে,

ঘুম ভেঙে দেয় গানে গানে প্রতিদিনের ভোরে

বিজয় পাখি গান গেয়ে যায় নানারকম সুরে,

লাল-সবুজে বিরাজ করে সারা বাংলাজুড়ে।

 

বিজয়পাখির গান শুনিয়ে ফোটে শর্ষেফুল

মৌমাছিরা ফুলে ফুলে হয়েছে মশগুল।

বিজয়পাখির মিষ্টি সুরে শীতের বুড়ি আসে,

হলুদিয়া মেঠোপথে শিশিরকণায় হাসে।

 

বিজয়পাখি দেয় শিখিয়ে স্বদেশ গড়ার লড়াই,

মুক্তিসেনার বিজয়গানে করে দেশের বড়াই।

অনেক রক্ত অনেক কান্না অনেক ত্যাগের পরে

এই পাখিটা এসেছিল ষোলোই ডিসেম্বরে!