যুবলীগের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ ও তার পরিবারের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা আবু কাউসার ও তার পরিবারের সদস্যদেরও। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি দেশব্যাপী আলোচিত ক্যাসিনো বিরোধী অভিযানে অনেকের নাম চলে এসেছে। মোল্লা আবু কাউসারের বিরুদ্ধে ক্যাসিনো চালানোর অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সিআইসি ছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও (বিএফআইইউ) অভিযুক্ত ও সন্দেহভাজনদের আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছে। কারো কারো ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল আলোচ্য ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। অবমুক্ত করার আগ পর্যন্ত আলোচ্য ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। এর আগে ক্যাসিনোকাণ্ডে অভিযুক্ত বেশ কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।
