বোমা সন্দেহে ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে পড়ে থাকা লাল রংয়ের একটি লাগেজ থেকে হাত, পা ও মাথা বিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স হবে আনুমানিক ২৫-৩০ বছরের মধ্যে। জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলে রবিবার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কর্মরত ট্রাফিক পুলিশের এক সদস্যকে জানায়। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি। রবিবার থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র্যাব। সেইসঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র্যাবের সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকতারা। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌছালে লাগেজ খুলে তার মধ্যে লাশ মেলে। পুলিশ সুপার আবিদ হোসেন জানান, এটি ঠান্ডা মাথার খুন ও পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হয়েছে। খুনিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে খণ্ডিত পা উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের একটি বাড়ির পুকুরপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশে খবর দেয়। পরে পলিথিনে মোড়ানো কোমরের নিচ থেকে কাটা পায়ের খণ্ডটি পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয়।
