সরাইল উপজেলায় ২৭ কেজি শিয়ালের মাংস, ১০ কেজি কলিজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাছুড়ি এলাকার মাদু মিয়ার ছেলে আজত আলী (২২) এবং একই এলাকার সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২০)।
পুলিশ জানিয়েছে, ঢাকার পূর্ব রামপুরা এলাকার আল মেজবান নামে একটি মাংসের দোকান থেকে কম দামে শিয়ালের মাংস ও কলিজা কিনে এনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টে খাসির মাংস বলে বিক্রি করছিল ঐ দুই যুবক। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার একটি রেস্টুরেন্টে ছয় কেজি মাংস ও কলিজা ইতিমধ্যে বিক্রি করেছে তারা। সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে শিয়ালের মাংস-কলিজা বিক্রি করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শিয়ালের ২৭ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, আরজত আলীকে ছয় মাসের কারাদণ্ড আর সাদ্দাম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে সরাইল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
