গ্রামীণফোনের ১২ হাজার কোটি টাকা আদায়ে বিটিআরসির আবেদনের শুনানি বৃহস্পতিবার

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০১:৩১

গ্রামীণফোনের কাছ থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাওনা আদায়ের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান। বিটিআরসি ও গ্রামীণফোনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানান আইনজীবীরা। এ সময় গ্রামীণফোনের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাব্বী খোন্দকার উপস্থিত ছিলেন। তারা বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। সেজন্য আমরা বলেছি বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য পাঠানো হোক। আদালত আমাদের শুনানি নিয়ে স্থগিত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

বিভিন্ন খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা আদায়ে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে ঐ ফোন কোম্পানি। এতে চিঠির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। গত ২৮ আগস্ট গ্রামীণফোনের ঐ আবেদন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। বৃহস্পতিবার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাজার কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিটিআরসি।

এদিকে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশকারী (আরবিট্রেটর) নিয়োগ চেয়ে গ্রামীণফোনের আবেদন গতকাল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে বিটিআরসির সঙ্গে ঐ ফোন কোম্পানির সালিশের কোনো সুযোগ থাকল না বলে জানান আইনজীবী রেজা-ই রাব্বী খোন্দকার।