বিনোদন রিপোর্ট
মামুনন ইমন ও জাকিয়া বারি মম, একসঙ্গে দু’জনকে অনেকবার ছোটপর্দায় দেখা গেলেও এবারই প্রথম চলচ্চিত্রে জুটি বাঁধলেন তারা। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে ইমন ও মম। ‘আগামীকাল’ শিরোনামে এই সিনেমাটি নির্মাণ করছেন অঞ্জন আইচ। গতকাল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সাভারের আমিনবাজারে চলছে শুটিং। এখানে টানা সব দৃশ্যের কাজ শেষ করার ইচ্ছে রয়েছে তার। এরপর কিছু গানের শুটিং নিয়ে নতুন করে পরিকল্পনা করবেন। সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, ‘বেশ ভালো একটি কাজ হতে যাচ্ছে। মমর সঙ্গে কাজের নতুন অভিজ্ঞতা এটি। নাটকে তার সঙ্গে কাজ করা হলেও বড়পর্দায় এই প্রথম। আশা করি আমাদের রসায়ন দর্শকদের বেশ ভালো লাগবে।’
সিনেমাটি নিয়ে মম বলেন, ‘সিনেমাটিতে যে চরিত্রে অভিনয় করছি সেটি বেশ চ্যালেঞ্জিং। গল্পের মধ্যেও বেশ ভিন্নতা রয়েছে। এছাড়া ইমনের সঙ্গে বড়পর্দায় প্রথম কাজ। এটিও বেশ আনন্দের বিষয়।’
