বিনোদন রিপোর্ট
দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী জিন্নাহ খানের নতুন গান প্রকাশ পেল। দেশের জনপ্রিয় সুরকার ইথুন বাবুর সুর ও সংগীতে জিন্নাহ খানের এই নতুন গানের শিরোনাম ‘তুমি আমার খবর রাখো না।’ একটি নান্দনিক মিউজিক ভিডিওর মাধ্যমে গানটি সম্প্রতি ইবি স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন অন্তু করিম ও আফ্রি।
ইথুন বাবু জিন্নাহ খানের এই গান প্রসঙ্গে বলেন, ‘জিন্নাহ খান আমাদের এই ইন্ডাস্ট্রির অনেক পুরোনো মানুষ। গানের সঙ্গে নিজের ভালোবাসা, স্বপ্ন লালন করেন তিনি দীর্ঘদিন। ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে থাকলেও মূলত গান যাদের জীবনের সারথী হয়ে যায় তারা আর কখনোই গানকে ছাড়তে পারেন না। তাই অনেকদিন পরে ওর জন্য গানটি বাঁধতে পেরে ভালো লাগলো।’
কণ্ঠশিল্পী জিন্নাহ খান বলেন, ‘আমার কাছে গান হলো দ্বিতীয় সন্তানের মতো। প্রতিদিন তাকে লালন করি। যুক্তরাষ্ট্রে নিজের ক্যারিয়ার গুছিয়ে এখানে একটি রেকর্ডিং স্টুডিও থেকে শুরু করে স্বয়ংসম্পূর্ণ সেটআপ তৈরি করেছি। তাই এখন থেকে নিয়মিত গান প্রকাশ করবো। বাবু ভাই আমার খুব প্রিয় একজন সুরকার। তার সঙ্গে পরিচয়, শখ্য দীর্ঘদিনের। তার সুরে নতুনভাবে একটি গান নিয়ে এই শুভযাত্রাকালে সবার দোয়া চাই।’
